মার্চ ৭, ২০২৬, ০৯:২৬ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানে ‘কঠোর আঘাত’ এবং ‘নিশ্চিত মৃত্যু’র হুমকির পর মধ্যপ্রাচ্যে নতুন করে রণংদেহী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর জবাবে ইরান এখন আক্রমণ করার জন্য নতুন মার্কিন স্থাপনা, অঞ্চল ও বাহিনী খুঁজে বের করার কাজ শুরু করেছে বলে দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। মূলত গত শুক্রবার ট্রাম্পের পক্ষ থেকে ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করার দাবির পর থেকেই দুই দেশের মধ্যে বাগযুদ্ধ ও সামরিক উত্তেজনা ভয়াবহ রূপ নিয়েছে। ইরান এই হুমকিকে সরাসরি তাদের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ট্রাম্পের দেওয়া শর্ত সরাসরি প্রত্যাখ্যান করে জানিয়েছেন যে, তারা আগ্রাসনের মুখে কোনোভাবেই নতি স্বীকার করবেন না।
এর প্রতিক্রিয়ায় ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন যে, ইরানকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র নতুন লক্ষ্যবস্তু বিবেচনা করছে। ট্রাম্পের এমন কঠোর অবস্থানের জবাবে ইরানের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে ইরানি জনগণের ওপর সরাসরি হামলা ও হত্যার হুমকি দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে ইরান এখন ওইসব আমেরিকান অঞ্চল, সামরিক বাহিনী ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর তালিকা পুনরায় পর্যালোচনা করছে, যা এখন পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনীর প্রাথমিক লক্ষ্যবস্তুর তালিকায় অন্তর্ভুক্ত ছিল না। অর্থাৎ ইরান এখন নতুন করে আমেরিকান লক্ষ্যবস্তুতে বড় ধরনের পাল্টা হামলার ছক কষছে।
উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি ভোররাতে ইরানের রাজধানীতে সামরিক আগ্রাসন শুরু করার মাধ্যমে এই নতুন সংঘাতের সূত্রপাত ঘটে। এতে সরাসরি নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। পাল্টা জবাব হিসেবে ইরানও ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি ও গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান লক্ষ্য করে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। আজ এই সংঘাত অষ্টম দিনে পদার্পণ করেছে এবং দিন দিন নিহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। ইরান সরকার স্পষ্ট করে দিয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরামহীন হামলার মুখে তারা চুপ করে বসে থাকবে না। এই পাল্টাপাল্টি হুমকির ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন এক অনিয়ন্ত্রিত মহাযুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে বলে মনে করছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন