রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সৌদি আরবে ইরানি হামলায় বাংলাদেশিসহ ২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৮, ২০২৬, ১১:৩৯ পিএম

সৌদি আরবে ইরানি হামলায় বাংলাদেশিসহ ২ জন নিহত

সৌদিতে হামলায় ক্ষতিগ্রস্ত ভবন

সৌদি আরবের একটি আবাসিক ভবনে হামলায় এক বাংলাদেশিসহ অন্তত দুইজন নিহত হয়েছেন। আজ রোববার দেশটির নাগরিক সুরক্ষা সংস্থার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। এই ঘটনায় আরও অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। 

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সাধারণ প্রবাসীদের এমন মৃত্যুতে প্রবাসী শ্রমিকদের মধ্যে গভীর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যানুসারে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলার পর থেকেই এই সংঘাতের সূত্রপাত হয়। 

এর প্রতিক্রিয়ায় ইরান সরাসরি তেল আবিবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। একই সঙ্গে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনসহ উপসাগরীয় দেশগুলোতে থাকা বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে তেহরান প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। ধারণা করা হচ্ছে, আবাসিক ভবনটি কোনো সামরিক বা কৌশলগত স্থাপনার নিকটবর্তী হওয়ায় এই অনাকাঙ্ক্ষিত হামলার শিকার হয়েছে।

নিহত বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে উপসাগরীয় দেশগুলোতে অবস্থানরত লাখ লাখ বাংলাদেশি কর্মী এখন নিরাপত্তা সংকটে ভুগছেন। 

ইরান ও ইসরায়েলের মধ্যকার এই সরাসরি সংঘাত আঞ্চলিক গণ্ডি ছাড়িয়ে বিশ্ব নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর পদক্ষেপ না নিলে বেসামরিক হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।