রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ৯, ২০২৬, ০৯:৩৪ এএম

ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা

ইরানের নতুন সর্বোচ্চ নেতা

ইরানের নতুন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। ইরানের ধর্মীয় ও নীতি নির্ধারক ৮৮ জন বিশিষ্ট আলেম নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট সর্বসম্মতিক্রমে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করেছে। 

একই সঙ্গে নতুন নেতার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করার জন্য দেশটির সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে এই পরিষদ। মোজতবা খামেনি হলেন সম্প্রতি ইসরায়েলি হামলায় নিহত সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় পুত্র।

উল্লেখ্য যে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক যৌথ বিমান হামলায় ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি তার স্ত্রী ও কন্যাসহ নিহত হন। ওই হামলায় দেশটির আরও বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাও প্রাণ হারান। এরপর থেকেই ইরানের পরবর্তী নেতৃত্ব নিয়ে বিশ্ব রাজনীতিতে নানা গুঞ্জন চলছিল। 

৫৬ বছর বয়সী মোজতবা খামেনি এখন পর্যন্ত ইরানের কোনো প্রত্যক্ষ সরকারি দায়িত্ব পালন করেননি কিংবা কোনো নির্বাচনেও অংশ নেননি। তবে তার বাবা দায়িত্ব পালনকালে তিনি ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও ইসলামিক বিপ্লবী গার্ড বা আইআরজিসির ওপর ব্যাপক প্রভাব বিস্তার করেছিলেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক বক্তব্যে মোজতবা খামেনিকে ইরানের নেতা হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

 

তিনি দাবি করেছিলেন যে ইরানের নতুন নেতৃত্ব নির্বাচনে যুক্তরাষ্ট্রেরও মতামত থাকতে হবে। তবে ট্রাম্পের সেই কঠোর সমালোচনা ও সতর্কবার্তাকে তোয়াক্কা না করেই অ্যাসেম্বলি অব এক্সপার্ট মোজতবা খামেনিকে ইরানের তৃতীয় সুপ্রিম লিডার হিসেবে মনোনীত করল। ১৯৭৯ সালের ঐতিহাসিক ইসলামিক বিপ্লবের পর আয়াতুল্লাহ খোমেনি ছিলেন প্রথম সুপ্রিম লিডার। তার মৃত্যুর পর আয়াতুল্লাহ আলি খামেনি দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন এবং এখন তার উত্তরাধিকারী হিসেবে মোজতবা খামেনি তেহরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন।

সূত্র: আল-জাজিরা