রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৩, ২০২৬, ০৯:৩৬ এএম

রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা অস্থায়ীভাবে তুলে নিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার তেলের ট্যাঙ্কার

বিশ্বজুড়ে চলমান তীব্র জ্বালানি সংকটের মুখে রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার ১৩ মার্চ মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই তথ্য নিশ্চিত করেছে। নতুন এই সিদ্ধান্তের ফলে জাহাজে বোঝাই করা রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আগামী ১১ এপ্রিল পর্যন্ত বিশ্ববাজারে বিক্রির অনুমতি দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। 

মূলত মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে ওয়াশিংটন এই নজিরবিহীন পদক্ষেপ নিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে যে গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির পর পাল্টা জবাব হিসেবে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। সৌদি আরব, কাতার ও ইরাকের মতো দেশগুলো এই পথ ব্যবহার করে বিশ্ববাজারে তেল ও গ্যাস পাঠায়। 

এই পথটি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। এমন সংকটময় পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণ ও সরবরাহ সচল রাখতেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসন রুশ তেলের ওপর থেকে বিধি-নিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে।মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে জানিয়েছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে এবং ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ১২ মার্চের মধ্যে যেসব রুশ তেল ও পেট্রোলিয়াম পণ্য জাহাজে লোড করা হয়েছে সেগুলো আগামী ১১ এপ্রিল পর্যন্ত কোনো বাধা ছাড়াই লেনদেন করা যাবে। উল্লেখ্য যে ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর দেশটির তেলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তবে বর্তমানের পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে সেই কঠোর অবস্থান থেকে সাময়িকভাবে সরে এলো ওয়াশিংটন।