মার্চ ১৪, ২০২৬, ০৯:৩১ পিএম
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ মোড় নিয়েছে। শনিবার দুই দেশ থেকে একযোগে ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালানো হয়েছে। ফ্রান্স প্রেসের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে যে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করার পরপরই পশ্চিম জেরুজালেমের আকাশে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইসরায়েলি সেনাবাহিনী সাইরেন বাজিয়ে নাগরিকদের সতর্ক করেছে এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগত এসব হুমকি প্রতিহত করতে কাজ করছে বলে দাবি করেছে।
একই সময়ে উত্তর ইসরায়েলের গোরেন এলাকায় রকেট হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে যে তারা মা’আলোত-তারশিহা শহরে অবস্থিত একটি ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করে এই আক্রমণ পরিচালনা করেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানে হামলা চালানোর পর শুরু হওয়া এই সংঘাত এখন তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে এবং দিন দিন এর তীব্রতা বাড়ছে। হিজবুল্লাহর এই তৎপরতা ইসরায়েলের উত্তর সীমান্তে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।এদিকে ইরানের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের জন্য এক জরুরি ও চূড়ান্ত সতর্কবার্তা জারি করা হয়েছে।
ইরানের সামরিক বাহিনীর বরাতে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে যে দুবাইয়ের জেবেল আলি বন্দর এবং আবুধাবির খলিফা ও ফুজাইরাহ বন্দর এলাকার আশপাশ থেকে যেন বাসিন্দারা অবিলম্বে সরে যান। তেহরান দাবি করেছে যে এসব বেসামরিক স্থাপনার ভেতরে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ও গোপন আস্তানা থাকায় এগুলো এখন তাদের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে আগামী কয়েক ঘণ্টার মধ্যে এই বন্দর এলাকাগুলো লক্ষ্য করে ইরান বড় ধরনের হামলা চালাতে পারে। বেসামরিক নাগরিকদের জানমালের ক্ষতি এড়াতেই এই আগাম সতর্কতা দেওয়া হয়েছে বলে দাবি ইরানের। মধ্যপ্রাচ্যের এই বহুমুখী সংঘাতের ফলে বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে চরম অস্থিরতা দেখা দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে যে কোনো সময় এটি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন