বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

হরমুজ প্রণালি খোলা রাখা নিয়ে নতুন বার্তা দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৫, ২০২৬, ০৩:৫৯ পিএম

হরমুজ প্রণালি খোলা রাখা নিয়ে নতুন বার্তা দিল ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি নিয়ে নতুন বার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সাফ জানিয়েছেন যে এই সামুদ্রিক পথটি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়নি। শনিবার মার্কিন সংবাদমাধ্যম এমএস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। 

আরাঘচি অভিযোগ করেন যে যুক্তরাষ্ট্র বর্তমান পরিস্থিতিকে ভিন্নভাবে প্রচার করে আন্তর্জাতিক মহলে ইরান বিরোধী মনোভাব তৈরির চেষ্টা করছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি অনুযায়ী হরমুজ প্রণালি বর্তমানে শুধুমাত্র যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পতাকাবাহী জাহাজের জন্য নিষিদ্ধ রাখা হয়েছে। তবে অন্যান্য দেশের বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের পক্ষ থেকে কোনো বাধা নেই। তিনি উল্লেখ করেন যে অনেক দেশের ট্যাংকার ও জাহাজ নিয়মিত এই পথ দিয়ে যাতায়াত করছে। 

যদিও সংঘাতের আশঙ্কায় এবং নিরাপত্তা উদ্বেগের কারণে অনেক বিদেশি কোম্পানি বর্তমানে এই রুট এড়িয়ে চলছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।ইরানের এই বক্তব্য এমন এক সময়ে এল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি সচল রাখতে বিভিন্ন দেশের সহযোগিতা চেয়েছেন। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জাপানের মতো দেশগুলোকে ওই এলাকায় যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান। 

এমনকি প্রয়োজনে উপকূলে ব্যাপক বোমা হামলা চালানোর হুঁশিয়ারিও দেন তিনি। ট্রাম্পের এই কড়া বার্তার জবাবেই মূলত ইরান তাদের অবস্থান পরিষ্কার করল। আরাঘচি মনে করেন যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্যের দোহাই দিয়ে এই সংঘাতকে বিশ্বের বিরুদ্ধে ইরানের অবস্থান হিসেবে দাঁড় করাতে চাইছে।