বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১৫, ২০২৬, ০৭:৪৫ পিএম

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল

ক্ষেপণাস্ত্রের আলোর ঝলকানি

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের তেল আবিবসহ অন্তত তিনটি প্রধান শহর। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ষোড়শ দিনে আজ রবিবার ইহুদিবাদী এই রাষ্ট্রটি লক্ষ্য করে তেহরান ব্যাপক হামলার দাবি করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে যে ইরানি বাহিনীর এই সিরিজ হামলায় ইসরায়েলের বিভিন্ন স্থানে জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। 

ইসরায়েলি উদ্ধারকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডমের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে যে ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির মধ্যাঞ্চলে ৫০ বছর বয়সী অন্তত দুজন ব্যক্তি আহত হয়েছেন। এ ছাড়া অধিকৃত পশ্চিম তীরে আরও তিনজন ইসরায়েলি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতদের জখম কতটা গুরুতর সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য মেলেনি। ইরানের পক্ষ থেকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একযোগে ব্যবহারে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

বিশেষ করে ইসরায়েলের দক্ষিণতম শহর ইলাত এবং মধ্যাঞ্চলজুড়ে ক্লাস্টার বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র থেকে উপ-বোমা বা সাবমিউনিশন ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। ইলাতের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে একটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর এর ধ্বংসাবশেষ থেকে ক্লাস্টার বোমার অংশগুলো জনপদে ছড়িয়ে পড়ে।

সামরিক বিশ্লেষকদের মতে ইরানের এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। ইসরায়েলের অভ্যন্তরে এই ধরনের সরাসরি হামলা বড় আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি তৈরি করেছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আন্তর্জাতিক জাহাজ চলাচল নিয়ে বার্তা দিলেও ভূখণ্ড লক্ষ্য করে এই সরাসরি হামলা পরিস্থিতির নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে। হামলার পর ইসরায়েলি বাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে এবং দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা পরবর্তী পদক্ষেপ নির্ধারণে জরুরি বৈঠকে বসেছে।