মার্চ ২৫, ২০২৬, ০৫:০১ পিএম
প্রয়োজনীয় নথিপত্র না থাকায় হরমুজ প্রণালিতে পাকিস্তানের একটি তেলবাহী জাহাজ আটক করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচি যাওয়ার পথে ‘সেলেন’ নামের এই পতাকাবাহী কার্গো জাহাজটিকে আটক করা হয়।
মূলত ইরানের সামুদ্রিক জাহাজ চলাচল কর্তৃপক্ষের অনুমতি না থাকা এবং আইনি প্রটোকল না মানার কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে তেহরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি বিষয়টি নিশ্চিত করেছে।
আটকের পর জাহাজের ক্যাপ্টেন ও ক্রুদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জাহাজটি ছেড়ে দেওয়া হয়েছে। তবে সেটিকে হরমুজ প্রণালি অতিক্রম করার অনুমতি দেওয়া হয়নি। ইরানি বাহিনীর নির্দেশে জাহাজটি বিকল্প পথে যাওয়ার জন্য পিছু হটতে বাধ্য হয়।
আইআরজিসি স্পষ্ট জানিয়েছে যে, এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজকে অবশ্যই ইরানের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। নিয়ম ভঙ্গকারী যেকোনো যানের বিরুদ্ধেই এমন ব্যবস্থা নেওয়া হবে বলে তারা সতর্ক করে দিয়েছে।বর্তমানে বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা শুরু হওয়ার পর এই পথে এক ধরনের অবরোধ জারি করেছে তেহরান।
এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যাহত হচ্ছে এবং দামও বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের জাহাজটি আটক করা হলো, যারা বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভার সঙ্গে তেহরানের আলোচনা এগিয়ে নিতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এই ঘটনায় দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মাঝে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন