বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

হরমুজ প্রণালি খোলায় ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১৭, ২০২৬, ১০:৪৭ পিএম

হরমুজ প্রণালি খোলায় ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্তে ইরানকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ১৭ এপ্রিল নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি ইরানের এই পদক্ষেপকে স্বাগত জানান। ট্রাম্প তার পোস্টে লেখেন যে ইরান এইমাত্র ঘোষণা করেছে যে তাদের হরমুজ প্রণালি এখন সম্পূর্ণ উন্মুক্ত এবং জাহাজ চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। সেই সঙ্গে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন ধন্যবাদ।

এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক ঘোষণায় জানিয়েছিলেন যে চলমান যুদ্ধবিরতির বাকি সময়টুকু বিশ্বের অন্যতম ব্যস্ত এই সমুদ্রপথটি বাণিজ্যিক জাহাজের চলাচলের জন্য খোলা থাকবে। 

তাঁর এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে ইতিবাচক এই প্রতিক্রিয়া এলো। আন্তর্জাতিক রাজনীতিতে একে বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা।উল্লেখ্য যে চলতি সপ্তাহের শুরুর দিকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে একটি নৌ অবরোধ শুরু করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল। 

গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান কয়েক সপ্তাহ ধরে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথটি কার্যত বন্ধ করে রেখেছিল। এতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা ও সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়।ঘটনার পর থেকে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে ট্রাম্পের এই ধন্যবাদ সূচক বার্তা এবং ইরানের নমনীয় অবস্থান দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা কমাতে সহায়ক হবে। 

হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার ফলে বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরার আশা করা হচ্ছে। জাহাজগুলো এখন থেকে ইরানের পূর্বঘোষিত নির্দিষ্ট পথ অনুসরণ করে নিয়মিত চলাচল করতে পারবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির পথে একটি ইতিবাচক ধাপ হিসেবে বিবেচিত হতে পারে।