রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হোয়াইট হাউসে হামলার আগে পরিবারকে যা লিখেছিলেন অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৬, ১০:১৮ এএম

হোয়াইট হাউসে হামলার আগে পরিবারকে যা লিখেছিলেন অভিযুক্ত

তদন্তের আওতায় হামলাকারী কোল

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন ডিনারে গুলিবর্ষণের ঘটনার পর সন্দেহভাজন হামলাকারীর পাঠানো একটি বার্তা খতিয়ে দেখছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, অভিযুক্ত কোল টমাস অ্যালেন হামলার ঠিক আগে তার পরিবারের সদস্যদের কাছে একটি আবেগঘন ও রহস্যময় বার্তা পাঠিয়েছিলেন। 

একত্রিশ বছর বয়সী এই হামলাকারী সেই বার্তায় উল্লেখ করেছিলেন যে, তিনি যাদের বিশ্বাস ভেঙেছেন তাদের সবার কাছে ক্ষমা চাইছেন। তবে একই সঙ্গে তিনি এটিও স্পষ্ট করেন যে, তিনি কারো কাছ থেকে ক্ষমা আশা করেন না। বার্তায় মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার স্পষ্ট ইচ্ছার কথাও ফুটে উঠেছে।

তদন্তকারী সূত্রগুলো জানিয়েছে, অভিযুক্ত অ্যালেন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস থেকে ট্রেনে চড়ে শিকাগো হয়ে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান। সেখানে তিনি সেই হোটেলেই অবস্থান নেন, যেখানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে বার্ষিক ডিনার অনুষ্ঠিত হচ্ছিল। 

অ্যালেনের কাছে একটি দশমিক ৩৮ ক্যালিবার সেমি-অটোমেটিক পিস্তল এবং একটি ১২-গেজ শটগান পাওয়া গেছে। পরিবারের কাছে পাঠানো অপর এক বার্তায় তিনি নিজেকে ফ্রেন্ডলি ফেডারেল অ্যাসাসিন হিসেবে পরিচয় দেন এবং ট্রাম্প প্রশাসনের প্রতি তীব্র বিদ্বেষ প্রকাশ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ডিটেনশন ক্যাম্পের পরিস্থিতি নিয়ে ক্ষোভ থেকেই তিনি এই হামলার পরিকল্পনা করেছিলেন।শনিবার রাতে ডিনারের বাইরে নিরাপত্তা বেষ্টনী ভেঙে প্রবেশের চেষ্টা করার সময় অ্যালেন কয়েক রাউন্ড গুলি চালান। 

এতে বুলেটপ্রুফ ভেস্ট পরা একজন সিক্রেট সার্ভিস সদস্য আহত হন। তবে দ্রুততম সময়ের মধ্যে তাকে আটক করা সম্ভব হয় বলে জানিয়েছেন মার্কিন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ। বর্তমানে এফবিআইসহ তদন্তকারী সংস্থাগুলো অ্যালেনের সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড এবং তার পারিবারিক তথ্য বিশদভাবে বিশ্লেষণ করছে। জানা গেছে, অভিযুক্ত অ্যালেন অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছেন। পেশাগত জীবনে তিনি একজন শিক্ষক হিসেবেও সুনাম কুড়িয়েছিলেন এবং ২০২৪ সালে টিচার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছিলেন।

তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যে, অ্যালেন কেবল শিক্ষকতাই নয় বরং গেম ডেভেলপার হিসেবেও পরিচিত ছিলেন। স্টিম প্ল্যাটফর্মে তার তৈরি করা একটি ভিডিও গেমও প্রকাশিত হয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি দ্য ওয়াইড অ্যাওয়েকস নামের একটি বামপন্থি সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন এবং তার বক্তব্যে উগ্রবাদী প্রভাব দেখা দিতে শুরু করে। যদিও তিনি ২০২৩ ও ২০২৫ সালে বৈধভাবে আগ্নেয়াস্ত্র ক্রয় করেছিলেন এবং সে সময় এফবিআইর ব্যাকগ্রাউন্ড চেকও সম্পন্ন হয়েছিল। বর্তমানে টরেন্সে তার সংশ্লিষ্ট একটি বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে হামলার প্রকৃত উদ্দেশ্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।