রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নিজের ক্যানসারের খবর জানালেন সারা গোর

আন্তর্জাতিক ডেস্ক

মে ১, ২০২৬, ১০:৫০ এএম

নিজের ক্যানসারের খবর জানালেন সারা গোর

এনবিসি নিউজের জনপ্রিয় উপস্থাপিকা সারা গোর লাইভ অনুষ্ঠানে নিজের স্তন ক্যানসার শনাক্ত হওয়ার খবর জানিয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ‘নিউইয়র্ক লাইভ’ অনুষ্ঠানে কান্নাজড়িত কণ্ঠে তিনি এই তথ্য প্রকাশ করেন। চিকিৎসার জন্য বর্তমানে তিনি দায়িত্ব থেকে সাময়িক বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১ মে) ডেইলি মেইলের এক প্রতিবেদনে সারা গোরের এই অসুস্থতা ও অবসরের খবরটি প্রকাশিত হয়েছে। ৪৯ বছর বয়সী এই উপস্থাপিকা অনুষ্ঠানে জানান, অস্ত্রোপচার ও চিকিৎসার জন্য তিনি ‘নিউইয়র্ক লাইভ’ ও ‘ওপেন হাউস’ অনুষ্ঠান থেকে কিছুদিনের জন্য সরে দাঁড়াচ্ছেন।

সারা গোর জানান, তাঁর মা ও বোন আগে এই রোগে আক্রান্ত হওয়ায় তিনি নিজের ঝুঁকির বিষয়টি জানতেন। তবে রোগ শনাক্ত হওয়ার খবরটি তাঁকে মানসিকভাবে অপ্রস্তুত করে দিয়েছে। অনুষ্ঠানে তিনি বলেন, রোগটি নিয়ে ভয় পাওয়ার কথা স্বীকার করতে তাঁর কোনো দ্বিধা নেই। তবে তিনি বর্তমানে দক্ষ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন এবং পরিবারের সদস্যরা তাঁর দেখাশোনা করছেন।

সুস্থ হয়ে আবারও কাজে ফেরার প্রত্যাশা ব্যক্ত করে সারা গোর জানান, তিনি আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরবেন। তাঁর এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সহকর্মী ও তারকারা তাঁর প্রতি সমবেদনা জানিয়েছেন। অভিনেতা অ্যান্ডি কোহেন, লরেন স্কালা এবং র‍্যাচেল জেগলারসহ অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

সারা গোর এনবিসির রিয়েল এস্টেট ও ডিজাইনভিত্তিক জনপ্রিয় শো ‘ওপেন হাউস’ এবং লাইফস্টাইল শো ‘নিউইয়র্ক লাইভ’ উপস্থাপনা করেন। এর আগে তিনি ‘রেসিপি রিভ্যাম্প’, ‘দ্য টুডে শো’ ও ‘দ্য মার্থা স্টুয়ার্ট শো’-সহ বেশ কিছু উল্লেখযোগ্য অনুষ্ঠানে কাজ করেছেন।