বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

যেকোনো সময় আবারও যুদ্ধ শুরু, প্রস্তুত ইরান

আন্তর্জাতিক ডেস্ক

মে ২, ২০২৬, ০৪:০৭ পিএম

যেকোনো সময় আবারও যুদ্ধ শুরু, প্রস্তুত ইরান

যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যেকোনো সময় আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে সতর্ক করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের যেকোনো ‘দুঃসাহসিকতা বা বোকামির’ কঠোর জবাব দিতে তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে। শনিবার (২ মে) ইরানের সামরিক সদর দপ্তরের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় সংঘাত শুরুর প্রবল সম্ভাবনা রয়েছে। তেহরানের অভিযোগ, ওয়াশিংটন এখনো পর্যন্ত কোনো চুক্তি বা আন্তর্জাতিক আইনের প্রতি প্রকৃত শ্রদ্ধা দেখানোর নির্ভরযোগ্য প্রমাণ দেয়নি। 

ইরানের সামরিক কর্মকর্তাদের মতে, যুদ্ধ শুরুর আগের আলোচনা থেকে শুরু করে যুদ্ধবিরতি পর্যন্ত বিভিন্ন পর্যায়ে তাঁরা যথেষ্ট নমনীয়তা দেখিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতিবাচক প্রতিক্রিয়ার পরিবর্তে আরও কঠোর ও আক্রমণাত্মক অবস্থান দেখা গেছে।

ইরানের মূল্যায়নে জানা গেছে, তাঁরা যখনই নিজেদের কিছু দাবি শিথিল করেছে, যুক্তরাষ্ট্র তখনই চাপ আরও বাড়িয়েছে। অসমর্থিত কিছু সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যাত শান্তি প্রস্তাবে ইরান অবরোধ প্রত্যাহারসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি থেকে সরে এসেছিল। তবে ডোনাল্ড ট্রাম্প ওই প্রস্তাবে সন্তুষ্ট না হওয়ায় আলোচনা পুনরায় অচলাবস্থায় পড়েছে।

বর্তমানে ইরান স্পষ্ট করে জানিয়েছে যে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ধরনের আলোচনার আগে হরমুজ প্রণালির পরিস্থিতি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়গুলোতে সমাধান প্রয়োজন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ইরান এখন ‘আত্মসমর্পণের চাপ’ হিসেবে দেখছে এবং সাফ জানিয়েছে এ ধরনের কোনো শর্ত মেনে নেওয়া সম্ভব নয়।

সামগ্রিকভাবে তেহরানের ধারণা, সংঘাতের দ্বিতীয় ধাপ শুরু হওয়া এখন শুধু সময়ের ব্যাপার। সে অনুযায়ী দেশটি সামরিক ও কৌশলগত প্রস্তুতি জোরদার করছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের এমন অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে নতুন করে অস্থিতিশীল করে তুলতে পারে।