মে ৪, ২০২৬, ০৮:৫৯ পিএম
তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয়ের নবগঠিত দল ‘তামিলগা ভেত্রি কাজগাম’ (টিভিকে) ঐতিহাসিক জয়ের পথে এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, বিজয়ের দল রাজ্যের ১০০টি আসনে এগিয়ে রয়েছে। মাত্র এক বছরের ব্যবধানে রাজ্যের দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়ে এই সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রবীণ রাজনৈতিক পরামর্শক প্রশান্ত কিশোর।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, থালাপতি বিজয়ের এই নাটকীয় জয়ের প্রধান মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেছেন প্রশান্ত কিশোর। ২০২১ সালে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে জেতানোর পর পিকে পেশাদার পরামর্শকের কাজ ছেড়ে নিজের রাজনৈতিক দল ‘জন সুরাজ’ নিয়ে ব্যস্ত হয়েছিলেন।
তবে ২০২৫ সালে বিহার বিধানসভা নির্বাচনে তাঁর নিজের দল ব্যর্থ হওয়ার পর তিনি আবারও পরামর্শক হিসেবে ফিরে আসেন।গত বছর থালাপতি বিজয় অভিনয় ছেড়ে রাজনীতিতে যোগ দেওয়ার পর প্রশান্ত কিশোর তাঁর পরামর্শদাতা হিসেবে কাজ শুরু করেন।
লোকচক্ষুর আড়ালে থেকে পিকে বিজয়ের সংগঠনের আদর্শগত ভিত্তি মজবুত করার দিকে মনোযোগ দেন। তিনি বিজয়কে শুধু বড় জনসভা করার পরিবর্তে তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করার পরামর্শ দেন। মানুষের কাছে বিজয়ের রাজনৈতিক ভিশন স্পষ্ট করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।প্রশান্ত কিশোর এক বছর আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি বিজয়কে জেতাবেন।
পিকের কৌশলে বর্তমান মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে সরিয়ে নবাগত টিভিকে এখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় থালাপতি বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার জোর সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশান্ত কিশোর নিজের রাজনৈতিক সফরে করা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে বিজয়কে সঠিক পথে পরিচালিত করেছেন বলে বিশ্লেষকরা মনে করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন