রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নিজ আসনে বিপুল ভোটে হারলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক

মে ৪, ২০২৬, ১০:৪৬ পিএম

নিজ আসনে বিপুল ভোটে হারলেন মমতা

পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায়

নিজের আসনেই বড় ব্যবধানে হেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের পর ভবানীপুরেও প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন তিনি। সোমবার (০৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাঁচ বছর আগে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পরাজিত হয়েছিলেন মমতা। তাই এবার মমতার আসন ভবানীপুরে লড়াইয়ে নেমে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বিরোধী দলনেতা। 

সেই লড়াইয়ে শেষ পর্যন্ত পরাজিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।মমতা নিজের আসন ভবানীপুরকে ‍‍`বড় বোন‍‍` আর নন্দীগ্রামকে ‍‍`মেজ বোন‍‍` বলে উল্লেখ করতেন। পাঁচ বছর আগে মেজ বোনের কাছে হেরেছিলেন তিনি। ওই সময়েও তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন একই প্রার্থী শুভেন্দু অধিকারী। 

এবার বড় বোন ভবানীপুরেও পরাজয়ের স্বাদ নিলেন তিনি। গতবারের চেয়ে এবারের পরাজয়ের ব্যবধান আরও বেড়েছে।আনন্দবাজার জানিয়েছে, নন্দীগ্রামে পাঁচ বছর আগে ১ হাজার ৯৫৬ ভোটে হেরেছিলেন মমতা। এবার ভবানীপুরে সেই ব্যবধান বেড়ে ১৫ হাজারের বেশি হয়েছে।

ভবানীপুরে জয়ের পর শুভেন্দু অধিকারী প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, যারা হিন্দুত্বের জন্য প্রাণ দিয়েছেন, এই জয় তাঁদের প্রতি উৎসর্গ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো খুব দরকার ছিল উল্লেখ করে তিনি মন্তব্য করেন যে, এবার তাঁর রাজনৈতিক সন্ন্যাস হয়ে গেছে।