মে ৫, ২০২৬, ১০:০৩ এএম
ভারতের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ ও আসামে বড় জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে তামিলনাড়ুতে বড় চমক দেখিয়েছে অভিনেতা বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে)। মঙ্গলবার গণমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনের মধ্যে ২০২টি আসনে জয় পেয়েছে বিজেপি। এই ফলের মাধ্যমে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটতে যাচ্ছে। নির্বাচনে তৃণমূল কংগ্রেস (এআইটিসি) পেয়েছে ৭১টি আসন। এ ছাড়া কংগ্রেস দুটি এবং সিপিআই(এম) একটি আসনে জয় পেয়েছে।
তামিলনাড়ুর রাজনীতিতে কয়েক দশকের দ্রাবিড় আধিপত্য ভেঙেছে অভিনেতা বিজয়ের দল টিভিকে। প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই ১০৫টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে তারা।
রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সেখানে ডিএমকে ৫৮টি এবং এআইএডিএমকে ৪৬টি আসন পেয়েছে।কেরালার ১৪০টি আসনের মধ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এর মাধ্যমে রাজ্যে এলডিএফ-এর ১০ বছরের শাসনের ইতি ঘটল। কেরালায় কংগ্রেস ৬৩টি এবং সিপিআই(এম) ২৬টি আসন পেয়েছে।
আসামে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ১২৬টি আসনের মধ্যে বিজেপি একাই ৮২টি আসন পেয়েছে। এর ফলে মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা নিজের ক্ষমতা ধরে রাখছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন