মে ৫, ২০২৬, ১১:০১ এএম
চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬১ জন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানায়।রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানিয়েছে, সোমবার বিকেলে চাংশা শহরে এ বিস্ফোরণ ঘটে।
দুর্ঘটনার পরপরই প্রায় ৫০০ উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়।কারখানার দুটি ব্ল্যাক পাউডার গুদামের কারণে উদ্ধারকাজে অতিরিক্ত ঝুঁকি তৈরি হয়।
এ পরিস্থিতিতে উদ্ধার অভিযানে সহায়তার জন্য তিনটি রোবট ব্যবহার করা হচ্ছে। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট করে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তা শিনহুয়ার প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।
এ ঘটনার পর দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পাশাপাশি তিনি গুরুত্বপূর্ণ শিল্পখাতে ঝুঁকি শনাক্ত ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার করার কথা বলেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন