রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রশ্মিকা মান্দানাসহ তারকাদের শুভেচ্ছায় ভাসছেন থালাপতি বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

মে ৫, ২০২৬, ০১:০৯ পিএম

রশ্মিকা মান্দানাসহ তারকাদের শুভেচ্ছায় ভাসছেন থালাপতি বিজয়

রাজনীতিতে থালাপতি বিজয়

ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে অভিনেতা সি জোসেফ বিজয়ের দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে)। এই জয়ের পর দক্ষিণ ভারতের চলচ্চিত্র অঙ্গনের তারকারা তাকে অভিনন্দন জানাচ্ছেন। থালাপতি বিজয় নামে পরিচিত এই অভিনেতার জয়ে রাজ্যটিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় দ্বৈত শাসনের অবসান ঘটল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, তামিলনাড়ুর রাজনীতিতে ডিএমকে এবং এডিএমকে দলের আধিপত্য ভাঙতে সক্ষম হয়েছেন বিজয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার জোয়ার বইছে।

বিজয়ের নতুন রাজনৈতিক অধ্যায় নিয়ে মাইক্রোব্লগিং সাইট এক্সে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা। তিনি লিখেন, নতুন যুগে বিজয়কে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। এই রাজনীতিকের জন্য শুভকামনাও জানান এই অভিনেত্রী।

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বিজয় ও তার দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। তিনি বিজয়ের এই অর্জনকে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন।প্রথম নির্বাচনে অংশ নিয়েই জনগণের ব্যাপক সমর্থন পেয়েছে বিজয়ের দল। এই সমর্থন তাদের সরকার গঠনের পথে এগিয়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন অভিনেতা ধনুশ।

আরেক তেলেগু তারকা রাম চরণ তার বার্তায় জানান, জনগণের সঙ্গে সংযোগ এবং বিজয়ের নেতৃত্বই এই জয়ের মূল কারণ। তামিলনাড়ুর উন্নয়নে এই অভিনেতা সফল হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই এমন সাফল্য পাওয়ায় তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন তারকারা।