বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ক্ষমতার আরও কাছে থালাপতি বিজয়

আন্তর্জাতিক ডেস্ক

মে ৬, ২০২৬, ০১:১৪ পিএম

ক্ষমতার আরও কাছে থালাপতি বিজয়

তামিলনাড়ুর ক্ষমতায় বিজয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেলেন জোসেফ বিজয় বা থালাপতি বিজয়। তার দল তামিলাগা ভেট্টি কাজাগামকে (টিভিকে) সরকার গঠনে সমর্থন দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস।কংগ্রেস সাংসদ সসিকান্ত সেথিল এই সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দলের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি তামিলনাড়ু কংগ্রেস কমিটিকে (টিএনসিসি) টিভিকে-কে সমর্থনের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।

তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। বিজয়ের দল টিভিকে ইতোমধ্যে ১০৮টি আসনে জয় পেয়েছে। কংগ্রেসের পাঁচটি আসন যুক্ত হওয়ায় তারা সংখ্যাগরিষ্ঠতার প্রায় দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।

দলীয় সূত্র বলছে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুরু থেকেই টিভিকে-কে সমর্থনের পক্ষে ছিলেন। পরে ভার্চুয়াল বৈঠকে রাজ্য ইউনিটকে এই অনুমোদন দেওয়া হয়।টিভিকে সরকারে কংগ্রেস দুটি মন্ত্রিত্ব প্রত্যাশা করছে। একই সঙ্গে তারা শর্ত দিয়েছে, বিজয়ের দল যেন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) বা এআইএডিএমকে’র সঙ্গে কোনো জোটে না যায়।

সবকিছু ঠিক থাকলে শিগগিরই রাজ্যপালের কাছে আনুষ্ঠানিক সমর্থনপত্র জমা দেওয়া হতে পারে বলে জানা গেছে। পাশাপাশি ভারতীয় কমিউনিস্ট পার্টি (সিপিআই), সিপিআই (এম) এবং বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির সমর্থনও পাওয়ার সম্ভাবনা রয়েছে বিজয়ের দলের।

এদিকে কংগ্রেসের এই সিদ্ধান্তে দীর্ঘদিনের কংগ্রেস-ডিএমকে জোট ভেঙে গেছে। ডিএমকের মুখপাত্র এ সারাভানন একে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে উল্লেখ করেছেন। তার দাবি, ডিএমকের সমর্থন ছাড়া কংগ্রেস তাদের আসনগুলো জিততে পারত না।