মে ১০, ২০২৬, ১০:৫৫ এএম
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় একটি পুলিশ পোস্টে আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে আফগানিস্তান সীমান্তঘেঁষা এই এলাকায় হামলার ঘটনাটি ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো পুলিশ ও নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে, এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে নিরাপত্তা চৌকির সামনে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের তীব্রতায় নিরাপত্তা পোস্টটি ধসে পড়ে। এরপর সেখানে আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
পুলিশ কর্মকর্তা জাহিদ খান জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই হামলাকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। ঘটনাস্থলে সহায়তার জন্য আসা পুলিশ সদস্যদের লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে তিনি জানান।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই বিস্ফোরণে আশপাশের সাধারণ মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত দুজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান। তিনি জানিয়েছেন, এলাকায় এখনো নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে এবং এটি শেষ হওয়ার পর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানা যাবে।
নিরাপত্তা সূত্রগুলোর তথ্যমতে, এই হামলায় ড্রোনের ব্যবহার হয়ে থাকতে পারে এমন কিছু প্রমাণ পাওয়া গেছে। ঘটনার পরপরই বান্নুর সরকারি হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে এই ঘটনার ফলে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে পুরো এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন