রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নাকবা দিবসে অংশ নেওয়া শিক্ষার্থীদের হুমকি দিলেন ইসরাইলি এমপি

আন্তর্জাতিক ডেস্ক

মে ১২, ২০২৬, ১১:৫১ এএম

নাকবা দিবসে অংশ নেওয়া শিক্ষার্থীদের হুমকি দিলেন ইসরাইলি এমপি

নাকবা দিবসের কর্মসূচিতে বাধা ও হুমকি

জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটিতে ফিলিস্তিনিদের উচ্ছেদ দিবস বা নাকবা দিবস উপলক্ষে আয়োজিত একটি স্মরণসভায় বাধা দিয়েছেন ইসরাইলের কট্টর ডানপন্থী সংসদ সদস্য জভি সুক্কত। ১৯৪৮ সালে নিজ ভূমি থেকে লাখ লাখ ফিলিস্তিনির বিতাড়নের ৭৮তম বার্ষিকী পালনের জন্য সোমবার ওই সভার আয়োজন করা হয়েছিল।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার প্রতিবেদনে জানানো হয়েছে, স্মরণসভায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সরাসরি সহিংসতার হুমকি দিয়েছেন এই ইসরাইলি রাজনীতিবিদ। নেসেট সদস্য জভি সুক্কত সভার মাঝখানে উপস্থিত হয়ে উস্কানিমূলক আচরণ করেন এবং শিক্ষার্থীদের ওপর চড়াও হন।

আয়োজক শিক্ষার্থী গোষ্ঠীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ইজরাইলি বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের বিরুদ্ধে উস্কানি ও নিপীড়নের যে ক্রমবর্ধমান প্রচারণা চলছে, এই ঘটনা তারই একটি অংশ। বর্তমানে ইসরাইলি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের ওপর বিভিন্ন কঠোর নীতি ও চাপ প্রয়োগ করা হচ্ছে বলে তারা দাবি করেন।

এক বিবৃতিতে আয়োজক শিক্ষার্থীরা জানান, এ ধরনের হুমকি তাদের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না। তারা বলেন, "নিপীড়ন ও উস্কানি যতই তীব্র হোক না কেন, আমাদের পরিচয়, অস্তিত্ব এবং অধিকার রক্ষার লড়াই থেকে কেউ আমাদের সরিয়ে দিতে পারবে না। আমরা নাকবা দিবস পালন অব্যাহত রাখব এবং আমাদের পূর্বপুরুষদের ইতিহাস ও স্মৃতি রক্ষা করব।"

উল্লেখ্য, ১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার সময় প্রায় ৭ লাখ ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি থেকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছিল। ফিলিস্তিনিদের কাছে এই ঘটনাটি ‘নাকবা’ বা ‘মহা বিপর্যয়’ হিসেবে পরিচিত। প্রতি বছর ১৫ মে দিনটি তারা গুরুত্বের সাথে পালন করে থাকেন। তবে এবার হিব্রু ইউনিভার্সিটিতে স্মরণসভা চলাকালে সরাসরি একজন সংসদ সদস্যের তরফ থেকে আসা হুমকির বিষয়টিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বিশেষ গুরুত্বের সাথে দেখছে।