শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬,

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক: পিপাসায় নিহত ৪৯

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৫, ২০২৬, ০৩:২০ পিএম

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক: পিপাসায় নিহত ৪৯

নাইজারের সাহারা মরুভূমিতে একটি ট্রাক বিকল হওয়ার পর তীব্র পানির পিপাসায় ৪৯ জনের মৃত্যু হয়েছে। একটি ধর্মীয় উৎসবে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।আগাদেজ গভর্নরেট তাদের ফেসবুক পেজে এই তথ্য জানিয়েছে।

নাইজার ও আলজেরিয়ার সীমান্ত সংযোগস্থল আসামাকা থেকে ৮০ কিলোমিটার পশ্চিমে একটি প্রত্যন্ত অঞ্চলে আটকা পড়েন যাত্রীরা। ট্রাকটি মেরামত করতে ব্যর্থ হয়ে তারা চরম প্রতিকূল ও উত্তপ্ত পরিবেশে পানি সংকটের মুখে পড়েন। দীর্ঘ সময় মরুভূমিতে অবস্থান করায় তাদের সঙ্গে থাকা পানি শেষ হয়ে যায়।দুইজন যাত্রী পায়ে হেঁটে পানির উৎস খুঁজে পান।

তারা ৫০ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়ে নিকটবর্তী পানির উৎসের কাছে পৌঁছাতে সক্ষম হন। পরবর্তীতে তারা আসামাকায় ফিরে এসে কর্তৃপক্ষকে ঘটনার খবর জানান। প্রশাসন নিহতদের স্থানীয় একটি স্থানে গণকবরে দাফন করেছে।মরুভূমির এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।যাত্রীদের এমন মৃত্যুতে নাইজারের স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।