রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিজেপি ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৫, ২০২৬, ০৮:২৮ পিএম

বিজেপি ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

তামিলনাড়ুতে বিজেপির অন্যতম আলোচিত মুখ কে. অন্নামালাই আনুষ্ঠানিকভাবে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। কয়েকদিনের নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার তার পদত্যাগপত্র গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি। দলীয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতপার্থক্য ছিল তার।

৪১ বছর বয়সী এই নেতা গত কয়েকদিন ধরে দিল্লিতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছিলেন। দলীয় সভাপতি নীতিন নবীনসহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সাধারণ সম্পাদকের সঙ্গেও তিনি আলোচনা করেন। তবে দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। 

দল ছাড়ার পর সমর্থকদের উদ্দেশে তিনি নতুন রাজনৈতিক আন্দোলনের ঘোষণা দিয়েছেন।আগামী তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তার নতুন দল অংশ নেবে।দীর্ঘ ১৮ মাস ধরে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বিভিন্ন বিষয়ে তার মতবিরোধ চলছিল। 

বিশেষ করে তামিলনাড়ুর রাজনৈতিক কৌশল নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের অবস্থানের সঙ্গে তার মতের অমিল ছিল। অন্নামালাই বিজেপিকে স্বতন্ত্রভাবে নির্বাচনে লড়ার পক্ষে ছিলেন, যাতে রাজ্যে নিজেদের ভিত্তি আরও মজবুত করা যায়। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব জোটের পথ বেছে নেয়, যা তাকে হতাশ করেছে।

প্রাক্তন পুলিশ কর্মকর্তা অন্নামালাই ২০২০ সালে বিজেপিতে যোগ দেন।খুব দ্রুত দলের রাজ্য সভাপতির পদে উন্নীত হয়েছিলেন তিনি। তার নেতৃত্বে রাজ্যে দলের কার্যক্রম দৃশ্যমান হলেও গত কয়েকটি নির্বাচনে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। অন্নামালাইয়ের বিদায়ের ফলে রাজ্যের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দেখছেন পর্যবেক্ষকরা।