জুন ২৬, ২০২৬, ০৪:৩৩ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয়ের বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টিসহ সাতটি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল বৃহস্পতিবার ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।সংশ্লিষ্ট দলগুলোকে ইতিমধ্যে আলাদা আলাদা চিঠি পাঠানো হয়েছে।
নোটিশ পাওয়া রাজনৈতিক দলগুলো হলো—জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং আমজনতার দল। ইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এসব দল প্রার্থী মনোনয়ন দিয়েছিল। গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে অংশগ্রহণকারী দলগুলোর নির্বাচনি ব্যয়ের নিরীক্ষিত হিসাব কমিশনে জমা দেওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে।
নির্ধারিত সময়ে বিবরণী না পাওয়ায় ইসি এর আগে গত ১৬ মার্চ চিঠি দিয়ে ১৩ মে’র মধ্যে তা দাখিলের অনুরোধ জানিয়েছিল। পরবর্তীতে গত ১৯ মে সতর্কীকরণ নোটিশ দিয়ে ১৩ জুনের মধ্যে হিসাব জমা দিতে বলা হলেও নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও দলগুলো তা দাখিল করেনি। আরপিও অনুযায়ী, নির্ধারিত সময়ে ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ হলে কমিশন ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে সময় বাড়াতে পারে এবং এরপরও হিসাব দাখিল না করলে দলের নিবন্ধন বাতিলের সুযোগ রয়েছে। কেন জরিমানা ও নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়ে অনতিবিলম্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে লিখিত জবাব দিতে বলা হয়েছে নোটিশে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন