সেপ্টেম্বর ১৩, ২০২৬, ০৮:২৬ পিএম
পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর বিশেষ প্রশাসনিক পর্যালোচনা চালিয়ে একসঙ্গে ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। একই প্রক্রিয়ার প্রথম ধাপে আরও ১০০টি মাদরাসাকে অনিয়মের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত ও বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হলে এই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও স্থায়ীভাবে বন্ধের পদক্ষেপ নেওয়া হবে। নিয়মবহির্ভূত প্রতিষ্ঠানের বিরুদ্ধেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বন্ধের নির্দেশ পাওয়া ২৫২টি প্রতিষ্ঠানের একটি বড় অংশ খারিজি মাদরাসা হিসেবে পরিচিত। জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, এর মধ্যে মালদায় অন্তত ৪৪টি, উত্তর দিনাজপুরে ৩৭টি, দক্ষিণ ২৪ পরগনায় ৩২টি এবং নদীয়া ও মুর্শিদাবাদ জেলায় ২৫টি করে মাদরাসা রয়েছে। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডু স্পষ্ট সতর্কবার্তা দিয়ে জানান, কারণ দর্শানোর নোটিশপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আলোকে বৈধ অনুমোদনের সুনির্দিষ্ট প্রমাণ দাখিল করতে হবে। নথিপত্র উপস্থাপন করতে না পারলে আইন অনুযায়ী সেগুলোর কার্যক্রমও পুরোপুরি গুটিয়ে দেওয়া হবে।
এই কঠোর সিদ্ধান্তের পটভূমি তৈরি হয়েছিল কয়েক মাস আগে। গত জুন মাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমগ্র রাজ্যে স্বীকৃত ও অননুমোদিত মাদরাসার প্রকৃত সংখ্যা নির্ধারণে বিশদ জরিপের নির্দেশ দিয়েছিলেন। এরপর সংখ্যালঘু বিষয়ক ও মাদরাসা শিক্ষা দপ্তর রাজধানী কলকাতা ছাড়াও রাজ্যের অপর ২২টি জেলায় সমন্বিত মাঠ সমীক্ষা চালায়। সেই অনুসন্ধানে প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ পরিচালন ব্যবস্থা, শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া, প্রাতিষ্ঠানিক সংগঠন, অর্থনৈতিক তহবিলের উৎস এবং আইনি নিবন্ধনের অবস্থা পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হয়। সরকারি হিসাবমতে, বর্তমানে রাজ্যে বৈধ অনুমোদন নিয়ে দুই হাজার ১৩২টি মাদরাসা সচল রয়েছে, বিপরীতে অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছে দুই হাজার ৩৯৬টি প্রতিষ্ঠান।
রাজ্য সরকারের এই পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছেন স্থানীয় মন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, অনুমোদনহীন এসব প্রতিষ্ঠানে রাষ্ট্রবিরোধী শিক্ষা দেওয়া হতো এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, প্রতিবেশী বাংলাদেশভিত্তিক সন্ত্রাসীরা এসব অননুমোদিত প্রতিষ্ঠানের আশ্রয়ে ছিল।
বিপরীতে সরকারের এই মনোভাব ও অভিযোগের তীব্র বিরোধিতা করেছে রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। দলের বিধায়ক কুণাল ঘোষ জানান, মাদরাসা মূলত একটি ঐতিহ্যবাহী শিক্ষাব্যবস্থার অংশ। ফলে ঢালাওভাবে একটি শিক্ষাব্যবস্থার সাথে সন্ত্রাসবাদের যোগসূত্র তৈরি করা একেবারেই অযৌক্তিক ও অনুচিত।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন