রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৮, ২০২৬, ০৫:২২ পিএম

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

লোহিত সাগর

ইরান-ইসরায়েল সংঘাতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী। তারা লোহিত সাগরে ইসরায়েলের যেকোনো ধরনের নৌচলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। সোমবার এ ঘোষণা দেয় সশস্ত্র গোষ্ঠীটি।

হুতি সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, লোহিত সাগরে ইসরায়েলি সামুদ্রিক যানের চলাচলের ওপর পূর্ণ ও চূড়ান্ত নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। তিনি বলেন, এই মুহূর্ত থেকে ইসরায়েলি পতাকাবাহী বা সংশ্লিষ্ট সকল নৌযান তাদের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

সম্প্রতি ইরান সমর্থিত হুতিরা ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেই হামলার পরই লোহিত সাগরে ইসরায়েলি নৌচলাচল বন্ধের এই কঠোর ঘোষণা এলো। এতে মধ্যপ্রাচ্যের বিদ্যমান উত্তেজনাকর পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ইসরায়েলের বিরুদ্ধে হুতিদের এই নতুন হুঁশিয়ারি আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। লোহিত সাগর আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ পথ হওয়ায়, হুতিদের এই সামরিক অবস্থান বিশ্ব অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।ইতোমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন মহল এই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। তবে হুতিদের এই নতুন ঘোষণা ইঙ্গিত দিচ্ছে, সংঘাত আরও বিস্তৃতির দিকে এগোচ্ছে।

তথ্যসূত্র: আল জাজিরা