জুন ৮, ২০২৬, ০৭:৩৯ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইরানে সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছে ইসরায়েল। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এই তথ্য জানিয়েছে।ট্রাম্পের অনুরোধের পর ইসরায়েল আপাতত হামলা বন্ধ রাখলেও সতর্ক করেছে।
ইসরায়েলি ওই কর্মকর্তা জানিয়েছেন, লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যদি সীমান্তবর্তী শহরগুলোতে হামলা অব্যাহত রাখে, তবে বৈরুতের দক্ষিণাঞ্চলে আবারও হামলা চালানো হবে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান আগামী কয়েক দিন পূর্ণ শক্তিতে চলবে বলেও দাবি করা হয়।
এর আগে ইরানও ইসরায়েলে তাদের হামলা বন্ধের ঘোষণা দেয়। সোমবার সকালে ডোনাল্ড ট্রাম্প দুই দেশকে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানান। এরপর ইরানের জরুরি সামরিক কমান্ড খাতাম আল-আম্বিয়া ঘাঁটি এক বিবৃতিতে সশস্ত্র বাহিনীর অভিযান বন্ধের ঘোষণা দেয়। তবে ইরান স্পষ্ট করেছে, লেবাননে কোনো আগ্রাসন চালানো হলে আগের চেয়েও কঠোর জবাব দেওয়া হবে।
রোববার ভোরে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ছুড়লে ইসরায়েলি বাহিনী বৈরুতে হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় রোববার রাতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালালে উত্তেজনা চরম আকার ধারণ করে। ট্রাম্পের পরামর্শের পর ইসরায়েলি বাহিনী হামলা থেকে বিরত থাকার ইঙ্গিত দিলেও, পরবর্তীতে তেহরান ও তাবরিজসহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়।
সোমবার সকাল পর্যন্ত দুই পক্ষে পাল্টাপাল্টি হামলা চলে।ইসরায়েলি গণমাধ্যমের এসব দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং ইসরায়েল বা যুক্তরাষ্ট্র থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন