জুন ৯, ২০২৬, ১১:০২ এএম
ইরানের সঙ্গে পুনরায় যুদ্ধে জড়ালে ইসরায়েলকে একাই তা সামাল দিতে হবে—এমন কঠোর সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে আলাপকালে ট্রাম্প তাকে প্রতিশোধমূলক হামলা থেকে বিরত থাকার পরামর্শ দেন।
সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, ট্রাম্প বলেছেন, "বিবি (নেতানিয়াহু), আপনার সতর্ক থাকা উচিত, নইলে খুব শিগগিরই আপনাকে একাই লড়তে হবে।" ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মেও উভয় পক্ষকে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন।
তিনি জোর দিয়ে বলেছেন, অজ্ঞতা বা মূর্খতা শান্তির পথে বাধা না হলে আলোচনার মাধ্যমে সংকট সমাধান সম্ভব।তবে ট্রাম্পের অনুরোধ সত্ত্বেও সোমবার ভোরে ইসরায়েলি বাহিনী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে হামলা চালায়। এর জবাবে ইরানও হাইফায় ইসরায়েলি স্থাপনা ও বিমানঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
এই পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।উত্তেজনার জন্য ওয়াশিংটনকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, যুদ্ধবিরতি আলোচনার পক্ষ হিসেবে যুক্তরাষ্ট্র এই অস্থিতিশীল পরিস্থিতির জন্য সরাসরি দায়ী। তিনি দাবি করেন, হরমুজ প্রণালীতে উত্তেজনা থেকে শুরু করে লেবাননে হামলার দায় এড়াতে পারে না যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, লেবাননে ইসরায়েলি বিমান হামলার জের ধরেই এই সংঘাতের সূচনা। এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই ছিল ইরান ও ইসরায়েলের মধ্যে সবচেয়ে বড় সামরিক প্রতিক্রিয়া। দুই পক্ষ আপাতত হামলা বন্ধের ইঙ্গিত দিলেও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি এখনো চরম উদ্বেগজনক।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন