বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

যুদ্ধ বন্ধের চুক্তিতে কিছুই চূড়ান্ত হয়নি, দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১২, ২০২৬, ১১:২৬ এএম

যুদ্ধ বন্ধের চুক্তিতে কিছুই চূড়ান্ত হয়নি, দাবি ইরানের

চুক্তির বিষয়ে ইরানের অবস্থান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে চুক্তির কিছুই এখনো চূড়ান্ত হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে যে দাবি করেছেন তা সত্য নয় বলে জানিয়েছে তেহরান। বৃহস্পতিবার রাতে ইরানের রাষ্ট্রায়ত্ত নিউজ চ্যানেলে সরাসরি টেলিফোনে যুক্ত হয়ে এই দাবি করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প আগামী কয়েক দিনের মধ্যে চুক্তি সম্পন্ন হওয়ার আশা প্রকাশ করেছিলেন।

চুক্তির খসড়ার বেশির ভাগ অংশ এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি করছে বলে অভিযোগ করেছে ইরান। আলোচনায় নতুন নতুন অনুরোধ যোগ করছে ওয়াশিংটন। এই সমঝোতা প্রক্রিয়ায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে কাতার এবং পাকিস্তান।

চুক্তি স্বাক্ষর হলে বিশ্ব জ্বালানি পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে। স্বাক্ষর অনুষ্ঠানে নিজে উপস্থিত না থাকলেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সেখানে থাকবেন বলে নিশ্চিত করেছেন ট্রাম্প।

এর আগে কাতারের আমিরের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনে কথা হয়েছে। আলোচনায় উভয় পক্ষ চুক্তির অগ্রগতি ও আঞ্চলিক উত্তেজনা কমানোর বিষয়ে কথা বলেছেন। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এই চুক্তির প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে কাতার।

তথ্যসূত্র: আল জাজিরা