রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২১, ২০২৬, ১১:০৯ এএম

পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সোমবার তাঁর পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে তীব্র গুঞ্জন তৈরি হয়েছে। দলের শীর্ষস্থানীয় নেতা, মন্ত্রীসভার সদস্য ও ট্রেড ইউনিয়নের সাথে ধারাবাহিক আলোচনার পর তিনি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বলে জানা গেছে। ক্ষমতা ছাড়ার পাশাপাশি তিনি একটি নির্দিষ্ট সময়সূচিও ঘোষণা করতে পারেন।নেতৃত্ব ধরে রাখা তাঁর পক্ষে এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

ব্রিটিশ গণমাধ্যম অবজারভারের প্রতিবেদনে জানানো হয়েছে, দলের ভেতরের অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্বের সংকট প্রকট আকার ধারণ করায় তিনি বড় চাপের মুখে রয়েছেন। এই সপ্তাহান্তে স্ত্রী ভিক্টোরিয়ার সাথে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করছেন তিনি। লেবার পার্টির একাধিক জ্যেষ্ঠ নেতা মনে করছেন, সোমবারই তাঁর পক্ষ থেকে এ বিষয়ে একটি পরিষ্কার ও চূড়ান্ত ঘোষণা আসতে পারে। তবে স্টারমারের ব্যক্তিগত কার্যালয় থেকে এই খবরকে এখনও নিছক জল্পনা বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

এদিকে সাম্প্রতিক উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পাওয়ার পর সাবেক মন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের জনপ্রিয়তা দলের ভেতরে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দলের প্রায় চারশ আসনের লেবার পার্টির সংসদ সদস্যদের মধ্যে ইতিমধ্যে ২০১ জনেরও বেশি সংসদ সদস্য বার্নহ্যামের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন বলে দাবি করা হচ্ছে। ফলে বর্তমান দলের ভেতরে কিয়ার স্টারমারের অবস্থান দিন দিন আরও বেশি দুর্বল হয়ে পড়েছে। দলকে নতুন নেতৃত্বে গতিশীল করতে দ্রুততম সময়ে পরিবর্তন আনা প্রয়োজন বলে মনে করছেন দলের নীতিনির্ধারকেরা।

লেবার পার্টির অন্যতম প্রধান সমর্থক ও শ্রমিক সংগঠন ইউনাইটের প্রধান শ্যারন গ্রাহাম জানিয়েছেন, স্টারমারের এখন সসম্মানে সরে দাঁড়ানো উচিত এবং দলের নেতৃত্বে একটি সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনা প্রয়োজন। বিশ্লেষকদের মতে, আগামী কয়েকদিনের মধ্যেই যুক্তরাজ্যের সামগ্রিক রাজনীতিতে এক বড় ধরণের পরিবর্তন দেখা যেতে পারে।

তথ্যসূত্র: দ্য অবজারভার