জুন ২৬, ২০২৬, ০৩:১৯ পিএম
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে মানবিক ও চিকিৎসা সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকাল ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় শক্তিশালী ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন তিনি।এই চরম দুর্যোগে কারাকাসের পাশে থাকার ঘোষণা দিয়েছে তেহরান।
ইরানের প্রেসিডেন্ট বলেন, এই কঠিন সময়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সরকার ও জনগণ ভেনেজুয়েলার পাশে রয়েছে। সেইসঙ্গে ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ কমাতে এবং চলমান উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে সহায়তা করার জন্য জরুরি ত্রাণ, চিকিৎসা সামগ্রী ও মানবিক সাহায্য প্রদানে ইরান পুরোপুরি প্রস্তুত রয়েছে। পেজেশকিয়ান এই ভূমিকম্পকে একটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা হিসেবে বর্ণনা করে আশা প্রকাশ করেন যে, ভেনেজুয়েলার সাধারণ মানুষ দ্রুত এই দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবেন।
গত বুধবার রাতে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যার প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রলয়ংকারী এই প্রাকৃতিক বিপর্যয়ে দেশটিতে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
তথ্যসূত্র: তাসনিম নিউজ এজেন্সি

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন