জুন ২৭, ২০২৬, ১১:২১ এএম
ভেনেজুয়েলার উত্তর উপকূলে গত শুক্রবার ৪ দশমিক ৯ মাত্রার একটি নতুন ভূমিকম্প আঘাত হেনেছে বলে ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহরের প্রায় ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, রাজধানী কারাকাস এবং মারাকাই শহরে কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।তাৎক্ষণিকভাবে নতুন এই ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।এর আগে গত বুধবার সন্ধ্যায় ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হেনেছিল।
ওই প্রাকৃতিক দুর্যোগে অন্তত ৯২০ জন নিহত হন এবং রাজধানী কারাকাসসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়।সাম্প্রতিক এই নতুন কম্পনে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না এলেও আগের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই সব এলাকায় ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকাজেও নতুন শঙ্কা দেখা দিয়েছে। এখনো অনেক জায়গায় নিখোঁজ স্বজনদের উদ্ধারে খালি হাতেই ধ্বংসস্তূপ সরাচ্ছেন উদ্বিগ্ন মানুষ।
তথ্যসূত্র: রয়টার্স

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন