বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আফগানিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত ও পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২৭, ২০২৬, ০৯:৩২ পিএম

আফগানিস্তানে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত ও পাকিস্তান

আফগানিস্তানে ৬ দশমিক ০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। আফগানিস্তান ছাড়াও প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের বিস্তীর্ণ এলাকা এই শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে।তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ২১৫ কিলোমিটার গভীরে। অন্যদিকে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র নিশ্চিত করেছে যে, কম্পনটির মূল কেন্দ্র ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল। ভূমিকম্পের তীব্রতায় ভারতের রাজধানী দিল্লিসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া আফগানিস্তানের রাজধানী কাবুল এবং উত্তর পাকিস্তানের বিভিন্ন শহরের প্রত্যক্ষদর্শীরা তীব্র ঝাঁকুনি অনুভব করার কথা জানিয়েছেন।

পরিস্থিতি বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ভূবিজ্ঞানীদের মতে, ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংঘর্ষস্থলে অবস্থান হওয়ায় হিন্দুকুশ অঞ্চলটি বিশ্বের অন্যতম প্রধান ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এই ভৌগোলিক কাঠামোর কারণে আফগানিস্তান এবং এর আশপাশের অঞ্চলে প্রায়শই শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনে থাকে।

তথ্যসূত্র: গালফ নিউজ