জুলাই ২, ২০২৬, ০৪:০০ পিএম
যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল কমান্ডের প্রধান মেজর জেনারেল আলি আবদুল্লাহি বলেছেন, তারা যেন ইরানের বিষয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি না নেয়। এমন সিদ্ধান্ত নিলে তার পরিণতি ভয়াবহ হবে বলে হুশিয়ারি দিয়েছেন তিনি। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন।
প্রতিরক্ষা সক্ষমতায় ইরান আগের চেয়ে অনেক শক্তিশালী।জেনারেল আবদুল্লাহি বলেন, খামেনির নেতৃত্বে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে ঈর্ষণীয় উন্নয়ন সাধন করেছে। বৈজ্ঞানিক অগ্রগতি ও জাতীয় নিরাপত্তা জোরদারের মাধ্যমে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এখন যেকোনো আগ্রাসন রুখতে পুরোপুরি প্রস্তুত। তার দাবি, আধুনিক অস্ত্র থাকা সত্ত্বেও অতীতে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে শত্রুরা কেবল অপমানিত হয়েছে এবং বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
দেশবাসীকে জানাজার অনুষ্ঠানে ব্যাপকভাবে অংশ নেওয়ার আহ্বান জানান এই জেনারেল। তিনি বলেন, এর মাধ্যমে ইরানের জাতীয় ঐক্য সারা বিশ্বের সামনে তুলে ধরা সম্ভব। খামেনির প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে তার দেখানো পথ অনুসরণের ওপর তিনি জোর দেন।
ইরানের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি নিজের ও সশস্ত্র বাহিনীর পূর্ণ আনুগত্য প্রকাশ করেন মেজর জেনারেল আলি আবদুল্লাহি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন