জুলাই ২, ২০২৬, ০৫:৩৭ পিএম
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্য ও জানাজাকে কেন্দ্র করে নজিরবিহীন প্রস্তুতি চলছে। ইরানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই জানাজায় তেহরানে প্রায় ২ কোটি এবং সারা দেশে ৩ কোটি ৫০ লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ৯০টির বেশি দেশের প্রতিনিধি এবং ১৪ হাজার সাংবাদিক এই ঐতিহাসিক আয়োজনে অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছেন। সব মিলিয়ে এটি ইতিহাসের অন্যতম বৃহত্তম জানাজা হতে যাচ্ছে।
এই সংখ্যা ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।১৯৮৯ সালের ৬ জুন ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজায় প্রায় ১ কোটি ২ লাখ মানুষ অংশ নিয়েছিলেন, যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জনসংখ্যার অনুপাতে বিশ্বের বৃহত্তম জানাজা হিসেবে স্বীকৃত। ওই সময় ভিড়ের চাপে এবং পদদলিত হয়ে ৮ জন নিহত ও প্রায় ১১ হাজার মানুষ আহত হয়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সেদিন দাফন প্রক্রিয়া স্থগিত রাখতে হয়েছিল।
খামেনির দাফন ঘিরে এবার দেশজুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। আগামী ৪ জুলাই থেকে শুরু হয়ে ৯ জুলাই মাশহাদ শহরে দাফনের মধ্য দিয়ে এই শোকের আনুষ্ঠানিকতা শেষ হবে। দীর্ঘ ৩৬ বছর ৬ মাস ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালনকারী খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষের ঢল নামার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা তেহরানে সমবেত হচ্ছেন। এই বিশাল জনসমাগম সামলানো এবং নিরাপত্তার বিষয়টি এখন ইরানি প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শোকাবহ এই সময়ে দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখাই এখন প্রধান লক্ষ্য।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন