রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫৯৫

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ০৩:৪২ পিএম

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫৯৫

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ২ হাজার ৫৯৫ জনে দাঁড়িয়েছে।দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, কঠোর যাচাই-বাছাইয়ের পরই হতাহতের এই হালনাগাদ সংখ্যা নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় আরও ১২ হাজার ৪০০ জন আহত হয়েছেন। রদ্রিগেজ সংবাদ সম্মেলনে স্পষ্ট করেছেন, যথাযথভাবে প্রমাণিত নয় এমন কোনো তথ্য সরকার প্রকাশ করছে না।

গত ২৪ জুন ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ফলে প্রায় ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ১২ হাজার ৮০০ মানুষ গৃহহীন হয়েছেন। জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্যমতে, এই সংখ্যা ১৬ হাজার পর্যন্ত হতে পারে।

ক্ষতিগ্রস্তদের সহায়তায় ও অবকাঠামো পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার প্রাথমিকভাবে ২০ কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে এবং ইসরাইলের বিশেষজ্ঞদের একটি দল সহায়তা দিতে ভেনেজুয়েলায় পৌঁছেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক এবং আইডিবিসহ বিভিন্ন সংস্থার সঙ্গে ঋণ ও অনুদানের বিষয়ে আলোচনা চলছে।

জাতিসংঘের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, ভূমিকম্পে প্রায় ৬৭০ কোটি মার্কিন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। ত্রাণ ও উদ্ধারকাজে মানবিক সহায়তা জোরদার করতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও আলোচনা চালাচ্ছে ভেনেজুয়েলা।