রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

৫ আরোহীসহ পাকিস্তানের কার্গো বিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৮, ২০২৬, ১১:৩১ এএম

৫ আরোহীসহ পাকিস্তানের কার্গো বিমান নিখোঁজ

সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করা একটি কার্গো বিমান ৫ আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে। মঙ্গলবার রাত থেকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর এখন পর্যন্ত কোনো ধ্বংসাবশেষ বা ক্রু সদস্যদের কোনো খোঁজ পাওয়া যায়নি।পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার রাতে করাচি থেকে প্রায় ১৫৫ নটিক্যাল মাইল পশ্চিমে কার্গো বিমানটি নিখোঁজ হয়। 

বিমানটি শারজাহ থেকে করাচির উদ্দেশে যাত্রা করেছিল। স্থানীয় সময় রাত ৯টা ৩২ মিনিটে নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে বিমানটির সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।নিখোঁজ বিমানটির সন্ধানে পাকিস্তান নৌবাহিনী ও বিমানবাহিনী তাদের উদ্ধার অভিযান জোরদার করেছে। এ লক্ষ্যে অতিরিক্ত যুদ্ধজাহাজ ও নজরদারি বিমান আরব সাগরের সম্ভাব্য এলাকায় পাঠানো হয়েছে। এছাড়া পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের বাণিজ্যিক জাহাজগুলোও তল্লাশি অভিযানে অংশ নিচ্ছে।

ফ্লাইট ট্র্যাকিং তথ্যে দেখা গেছে, রাত ৯টা ১৭ মিনিটে বিমানটি ৩৫ হাজার ফুট উচ্চতায় স্বাভাবিক গতিতে উড়ছিল। এরপর হঠাৎ বিমানটি ইউ-টার্ন নেয় এবং অত্যন্ত দ্রুতগতিতে নিচে নামতে শুরু করে। মাত্র ৫ মিনিটে বিমানটি ৩৪ হাজার ফুট নিচে নেমে আসে। 

সর্বশেষ রাডার সিগন্যালে এটি এক হাজার ১০০ ফুট উচ্চতায় ছিল, এরপর করাচি থেকে প্রায় ৩০০ কিলোমিটার পশ্চিমে আরব সাগরের ওপর থেকে রাডারের নজর থেকে বিমানটি হারিয়ে যায়।বর্তমানে উদ্ধারকারী দলগুলো নিখোঁজ বিমানটির সন্ধানে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আবহাওয়া ও সমুদ্র পরিস্থিতির কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।