জুলাই ১৩, ২০২৬, ১০:৫৫ এএম
ইউরোপীয় ইউনিয়ন ও শেনজেন এলাকার বাইরের ৬২টি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের সুবিধা ২০২৬ সালেও বহাল রেখেছে জার্মানি। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।এই সুবিধার আওতায় নির্ধারিত দেশের নাগরিকরা ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন জার্মানিতে বিনা ভিসায় অবস্থান করতে পারবেন।
ভিসামুক্ত এই সুযোগ পর্যটন, ব্যবসায়িক বৈঠক অথবা পরিবার-পরিজনের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে ভ্রমণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে কোনো অবস্থাতেই এই সুযোগ নিয়ে জার্মানিতে কাজ করার অনুমতি থাকবে না। জার্মানির বর্তমান অভিবাসন আইন অনুযায়ী কাজের অনুমতির জন্য আলাদা প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
তালিকায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে আলবেনিয়া, অ্যান্ডোরা, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বাহামাস, বার্বাডোস, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, ব্রুনাই, কানাডা, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকা, এল সালভাদর, জর্জিয়া, গ্রেনাডা, গুয়াতেমালা, হন্ডুরাস, হংকং, ইসরাইল, জাপান, কিরিবাতি, কসোভো, ম্যাকাও, মালয়েশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ, মরিশাস, মেক্সিকো, মাইক্রোনেশিয়া, মলদোভা, মোনাকো, মন্টিনিগ্রো, নিউজিল্যান্ড, উত্তর ম্যাসিডোনিয়া, নিকারাগুয়া, পালাউ, পানামা, প্যারাগুয়ে, পেরু, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সামোয়া, সান মারিনো, সেশেলস, সিঙ্গাপুর, সলোমন দ্বীপপুঞ্জ, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, তিমোর-লেস্তে, টোঙ্গা, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, ভানুয়াতু, ভ্যাটিক্যান সিটি এবং ভেনেজুয়েলা।
এছাড়া জার্মানির ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকরাও এই ভিসামুক্ত সুবিধার আওতায় রয়েছেন। কিছু নির্দিষ্ট দেশের নাগরিকরা জার্মানিতে পৌঁছানোর পর প্রচলিত অভিবাসন আইন অনুযায়ী সেখান থেকেও নির্দিষ্ট ধরনের রেসিডেন্স পারমিট বা বসবাসের অনুমতির জন্য আবেদন করতে পারবেন।
তবে ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের নাগরিকদের পাসপোর্টের মেয়াদ ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো প্রকার ওয়ার্ক পারমিট বা দীর্ঘমেয়াদী বসবাসের অনুমতির জন্য দূতাবাসের নিয়ম মেনে যথাযথ আবেদন করতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন