রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ১৩, ২০২৬, ০৬:৫৩ পিএম

তামিলনাড়ুতে গরু জবাই নিষেধাজ্ঞা স্থগিত

ভারতের তামিলনাড়ুতে কোরবানি ঈদসহ যেকোনো দিনে গরু ও বাছুর জবাইয়ে নিষেধাজ্ঞা সংক্রান্ত মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) সর্বোচ্চ আদালত মন্তব্য করেন, হাইকোর্টের রায়ে কিছু বিষয় পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। এই আদেশের ফলে রাজ্যটিতে চলমান আইনি জটিলতা আপাতত প্রশমিত হয়েছে।

এর আগে গত ২৭ মে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন তামিলনাড়ু সরকার সুপ্রিম কোর্টে বিশেষ লিভ পিটিশন দায়ের করেছিল। আবেদনের শুনানি শেষে আদালত হাইকোর্টের আগের নির্দেশ কার্যকর হওয়া স্থগিত রাখেন।

রাজ্য সরকার আদালতে তাদের অবস্থান ব্যাখ্যা করে জানায়, দেশের প্রচলিত আইন নির্দিষ্ট শর্ত ও স্থানে গবাদিপশু জবাইয়ের অনুমতি দেয়। তাই বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিচারিক নির্দেশ বহাল রাখা সমর্থনযোগ্য নয়। উল্লেখ্য, এর আগে মাদ্রাজ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ১৯৭৬ সালের একটি সরকারি আদেশের ভিত্তিতে রাজ্যজুড়ে গো-হত্যা নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিল। ওই আদেশের মূল লক্ষ্য ছিল দুগ্ধ উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা।

মাদ্রাজ হাইকোর্টের রায়ে বিচারপতি জি. আর. স্বামীনাথন ও বিচারপতি ভি. লক্ষ্মীনারায়ণন ভারতীয় সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদের উল্লেখ করেছিলেন। সেই রায়ে গরুকে ঐতিহ্যের প্রতীক হিসেবে বিশেষ মর্যাদা দেওয়ার কথাও বলা হয়।অন্যদিকে, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এই নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা করেছিলেন। 

তাদের মতে, কোরবানি ঈদের মতো বড় উৎসবে শুধু লাইসেন্সপ্রাপ্ত কসাইখানায় পশু জবাইয়ের শর্ত বাস্তবসম্মত নয়। কারণ উৎসবের বিপুল চাহিদা মেটানোর মতো সক্ষমতা অধিকাংশ কসাইখানার নেই। তামিলনাড়ু সরকারও আদালতে জানিয়েছে, বিদ্যমান পশু সংরক্ষণ আইন ও বিধিমালায় পশু জবাইয়ের স্থান ও পদ্ধতি নির্ধারণ করা থাকলেও সব ধরনের গরু জবাইয়ের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা নেই।