রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও সংঘাতের প্রেক্ষাপটে যা বললেন গালিবাফ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৬, ২০২৬, ১১:৫৭ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও সংঘাতের প্রেক্ষাপটে যা বললেন গালিবাফ

ছবি - সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আগ্রহের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবির বিপরীতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি জানিয়েছেন, ইরান কখনোই যুদ্ধ চায়নি, তবে দেশের অস্তিত্ব রক্ষার প্রশ্নে তারা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। যদিও জাতীয় স্বার্থ রক্ষায় কূটনীতি ও আলোচনার পথ খোলা রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে ইরান। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি প্রদান করেননি। পরে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়, ট্রাম্প ইরানের খার্গ দ্বীপসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানের নিয়ন্ত্রণ এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) লক্ষ্যবস্তু করার সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন।

এই পরিস্থিতির প্রতিক্রিয়ায় গালিবাফ এক বিবৃতিতে বলেন, ইরান কখনোই যুদ্ধকে স্বাগত জানাইনি এবং ভবিষ্যতেও জানাবে না। কিন্তু যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য যদি ইরানের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন ও দেশকে বিভক্ত করা হয়, তবে এই সংঘাত ইরানের জন্য অস্তিত্ব রক্ষার লড়াই। এ ক্ষেত্রে যেকোনো পরিস্থিতির জন্য দেশ প্রস্তুত রয়েছে।

এদিকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা ও ইরানের সামরিক স্থাপনা লক্ষ্য করে দ্বিতীয় দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এর আগে গ্রেটার তুনব দ্বীপে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে ৯০ মিনিটের একটি অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্র।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক মার্কিন হামলায় এখন পর্যন্ত ৩৫ জন নিহত ও ৩০০ জন আহত হয়েছেন। ট্রাম্পের আলোচনার প্রস্তাব এবং মাঠপর্যায়ে সামরিক উত্তেজনার এই দ্বিমুখী পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।