শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

ঘৃণার রাজনীতি ভারতকে সংকটের দিকে নিচ্ছে‍‍`: আরশাদ মাদানি

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ০৯:৫৩ পিএম

ঘৃণার রাজনীতি ভারতকে সংকটের দিকে নিচ্ছে‍‍`: আরশাদ মাদানি

ছবি - সংগৃহীত

ভারতে সাম্প্রদায়িক বিদ্বেষের রাজনীতির কারণে শুধু মুসলমান নয়, ইসলামও এখন আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানি। তিনি বলেন, ঘৃণার এই রাজনীতি দেশকে এমন এক সংকটময় অবস্থায় নিয়ে গেছে, যেখানে সামনে এগিয়ে যাওয়ার কোনো স্পষ্ট পথ দেখা যাচ্ছে না। উত্তর প্রদেশের জমিয়তে উলামার উদ্যোগে আয়োজিত ‍‍`হিন্দু-মুসলিম ঐক্য সম্মেলনে‍‍` প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আরশাদ মাদানি সাম্প্রদায়িকতা ও বিদ্বেষের বিরুদ্ধে সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।মাদানি বলেন, আগে সাম্প্রদায়িক শক্তিগুলোর মূল লক্ষ্য ছিল শুধু মুসলমানরা। কিন্তু গত কয়েক বছরে ঘৃণার রাজনীতির চর্চা এতটাই বেড়েছে যে, এখন মুসলমানদের পাশাপাশি ইসলামকেও সরাসরি আক্রমণের শিকার বানানো হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সব ধর্মের উদার ও মানবিক চিন্তার মানুষদের একত্রিত হয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার কোনো বিকল্প নেই। প্রতিটি স্তরে বাস্তব উদ্যোগ নিয়ে ঘৃণা ও বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ কণ্ঠ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদের আহ্বান এসেছিল দিল্লির এক মাদ্রাসার আলেমের কাছ থেকে, যা ১৮৫৭ সালের বিদ্রোহের প্রেরণা জুগিয়েছিল। তার মতে, আজকের এই সম্মেলন থেকে উচ্চারিত সাম্প্রদায়িকতা বিরোধী কণ্ঠ কোনো শক্তিই দুর্বল করতে পারবে না। তিনি স্পষ্ট করেন, জমিয়তে উলামায়ে হিন্দ একটি ধর্মীয় সংগঠন এবং রাজনীতির সাথে এর কোনো সম্পর্ক নেই। স্বাধীনতার আগে ও পরে সংগঠনটি হিন্দু-মুসলিম সম্প্রীতি রক্ষায় কাজ করে আসছে।

সম্মেলনে ভারতের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ইন্দিরা জয়সিং ছাড়াও বৌদ্ধ, খ্রিস্টান ও শিখ সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা হিন্দু-মুসলিম সম্প্রীতি প্রতিষ্ঠায় মাদানির এই উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন। এ ছাড়া রামপুরের মাওলানা মোহাম্মদ আলী জওহর বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান বিতর্ক ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।