জুলাই ২১, ২০২৬, ০৭:৫৯ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে আটক করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লির সাত লোক কল্যাণ মার্গে এই ঘটনা ঘটে। সংসদ অভিমুখে ছাত্র বিক্ষোভে পুলিশি হামলার প্রতিবাদ জানাতে গিয়ে তারা এই আটক হন।
পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।এর আগে ককরোচ জনতা পার্টির আহ্বানে সংসদ ভবনের দিকে এগিয়ে যাওয়া শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন বিরোধী দলের নেতারা। মঙ্গলবার বিকেলে হঠাৎ এই কর্মসূচি শুরু হলে নিরাপত্তা রক্ষী ও পুলিশ বাহিনী হতচকিত হয়ে পড়ে।
এ সময় অবস্থান কর্মসূচিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কে সি বেনুগোপাল, কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারসহ শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
বিক্ষোভ ও অবস্থানের তীব্রতা বাড়লে দিল্লি পুলিশ তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করে এবং রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ শীর্ষ নেতাদের আটক করে নিয়ে যায়। সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস এবং ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক অঙ্গনে চরম অস্থিরতা বিরাজ করছে। বিরোধী দলগুলোর এই যৌথ অবস্থান ও আটকের পর দেশটির রাজনীতিতে নতুন উত্তাপের সৃষ্টি হয়েছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন