বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আপস নয়‍‍` স্পষ্ট জানাল ককরোচ পার্টি

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৪, ২০২৬, ০৭:১১ পিএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো আপস নয়‍‍` স্পষ্ট জানাল ককরোচ পার্টি

ছবি - সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নিজের অবস্থানে অনড় রয়েছে ককরোচ পার্টি (সিজেপি)।সরকারের শীর্ষ মন্ত্রীদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পরও তারা এই অবস্থান থেকে সরে আসেনি।শুক্রবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে সিজেপি প্রতিনিধিদের দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠক সূত্রে জানা গেছে, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে এক কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিও তুলেছেন দলটির নেতারা। আগামী শনিবার দুই পক্ষের মধ্যে তৃতীয় দফার পরবর্তী বৈঠক হওয়ার কথা রয়েছে।

সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা সাফ জানিয়ে দিয়েছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা তাকে মন্ত্রিসভা থেকে অপসারণ না করা পর্যন্ত তাদের আন্দোলন ও শর্ত প্রত্যাহার করা হবে না। অন্য দাবিগুলো মেনে নিলেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সরকার আগামীকাল দুপুর পর্যন্ত সময় চেয়েছে বলে জানান তিনি।

এদিকে বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা জানান, আন্দোলনকারীদের সকল দাবি গুরুত্ব সহকারে শোনা হয়েছে এবং বিষয়টি নিয়ে পরবর্তীতে আবারও আলোচনা করা হবে। অন্যদিকে সিজেপির আরেক মুখপাত্র সৌরভ দাস অভিযোগ করেছেন যে যন্তর মন্তরের আশপাশে বিক্ষোভকারী ও স্বেচ্ছাসেবকদের পুলিশ আটক করছে। এই অভিযোগ শোনার পর সরকার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।