জুলাই ২৬, ২০২৬, ০৭:০৮ পিএম
ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় বিদেশি মদদপুষ্ট মৌলবাদী গোষ্ঠীর উসকানি থাকতে পারে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গ রাজনীতির অন্যতম পরিচিত মুখ শুভেন্দু অধিকারী। রোববার (২৬ জুলাই) সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বিক্ষোভে জড়িত ব্যক্তিদের বড় অংশই সাধারণ শিক্ষার্থী নন।
বিক্ষোভকারীদের পেছনে দেশবিরোধী ও বিদেশি শক্তির যোগসাজশ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।শুভেন্দু অধিকারীর ভাষ্যমতে, নিট প্রশ্নপত্র ফাঁসের দাবিতে আন্দোলনকারীদের ছদ্মবেশে মূলত উগ্রবাদী গোষ্ঠী ও অপশক্তি অপতৎপরতা চালাচ্ছে। গত শুক্রবার বামপন্থি সমর্থিত বিভিন্ন সংগঠনের বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। এই সহিংসতার ঘটনায় জড়িত চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে রাজ্যের নতুন `অ্যান্টি-গুন্ডা` আইন প্রয়োগের কঠোর সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।
ইতোমধ্যে ভিডিও ফুটেজ দেখে প্রায় ৭০ জন বিক্ষোভকারীকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী, যাদের সাথে মূল শিক্ষার্থী আন্দোলনের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। শুভেন্দু অধিকারী দাবি করেন, রাজ্যে অবৈধ মাদ্রাসা উচ্ছেদ, ওবিসি সনদসংক্রান্ত আদালতের নির্দেশ বাস্তবায়ন ও শব্দদূষণ রোধে সরকারের পদক্ষেপে ক্ষুব্ধ হয়েই একটি নির্দিষ্ট গোষ্ঠী এই বিশৃঙ্খলা উসকে দিয়েছে।
এদিকে উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ও সারা দেশে প্রশ্নপত্র ফাঁস বন্ধে ভারতীয় কেন্দ্রীয় সরকার লোকসভায় একটি নতুন সংশোধনী বিল উত্থাপনের বড় সিদ্ধান্ত নিয়েছে। `পাবলিক এক্সামিনেশনস অ্যামেন্ডমেন্ট বিল ২০২৬` শীর্ষক এই বিলে দ্রুত বিচার নিশ্চিত করতে প্রতিটি রাজ্যে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন এবং দুই মাসের মধ্যে তদন্ত শেষ করার বিধান রাখা হয়েছে। বিলে অভিযুক্তদের জন্য সর্বনিম্ন ৫ বছর থেকে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫০ লাখ রুপি জরিমানার প্রস্তাব আনা হয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কেন্দ্রীয় সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হলেও আন্দোলনের নেতৃত্ব দেওয়া দল ককরোচ জনতা পার্টি (সিজেপি) তাদের দীর্ঘ ৩৬ দিনের টানা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি এবং মূল দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস পাওয়ার পর তারা আন্দোলন স্থগিতের এই সিদ্ধান্ত নেয়।পুরো ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে ভারত ও আঞ্চলিক রাজনীতির অন্যতম উত্তপ্ত আলোচনার বিষয়ে পরিণত হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন