জুলাই ২৯, ২০২৬, ১০:৪৩ এএম
পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন আন্দোলন ও সাম্প্রতিক বিক্ষোভের প্রেক্ষাপটে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সকল মামলা অবিলম্বে প্রত্যাহার না করা হলে সমগ্র ভারতজুড়ে পুনরায় কঠোর আন্দোলন শুরু করার দ্ব্যর্থহীন হুঁশিয়ারি উচ্চারণ করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দিল্লির যন্তর মন্তরসহ বিভিন্ন স্থানে সংঘটিত প্রশ্নফাঁস ও নিটবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে চলা আইনি প্রক্রিয়া নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
সরকারের পক্ষ থেকে পূর্বে প্রতিশ্রুত শর্তসমূহ পুরোপুরি বাস্তবায়ন না করা হলে রাজপথ ছাড়বে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে দলটি।প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলটির শীর্ষস্থানীয় নেতারা।দিল্লির আদালতে সাম্প্রতিক শুনানির পর সিজেপির মুখপাত্র সৌরভ দাস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় জানান যে, গত ২৫ জুলাই সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত এফআইআর বা মামলা প্রত্যাহার করার স্পষ্ট আশ্বাস দেওয়া হয়েছিল।
সেই প্রতিশ্রুতির ওপর ভিত্তি করেই দেশব্যাপী চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। কিন্তু আদালতের সাম্প্রতিক আদেশের সুযোগ নিয়ে বিভিন্ন রাজ্য সরকার ও প্রশাসন মামলাগুলো সচল রাখার চেষ্টা করলে তরুণ সমাজের মাঝে গভীর শঙ্কার সৃষ্টি হয়। জনসমক্ষে দেওয়া প্রতিশ্রুতি গোপন বা কৌশলী আইনি মারপ্যাচে দুর্বল করে দেওয়া গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।এর আগে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয় যে, সমঝোতার শর্ত লঙ্ঘন করে অনেক আন্দোলনকারীকে হয়রানি করা হচ্ছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।
সরকারের সঙ্গে হওয়া সমঝোতা অনুযায়ী দ্রুত সব মামলা বাতিল, আটক শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য যথাযথ পুনর্বাসনের দাবি জানানো হয়। নির্ধারিত সময়সীমার মধ্যে প্রতিশ্রুতি রক্ষা করা না হলে ভারতের রাজধানীসহ সারা দেশের রাজপথ আবারও তরুণদের তীব্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠবে বলে সাফ জানিয়ে দিয়েছেন সিজেপির নেতারা।তরুণ প্রজন্মের অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবিতে চলমান এই রাজনৈতিক অস্থিরতা ভারতীয় প্রশাসনের জন্য নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন