জুলাই ৩১, ২০২৬, ১১:১৬ এএম
বাংলাদেশসহ ১৪টি দেশ নিয়ে একটি বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। লোহিত সাগর, বাব আল-মান্দেব প্রণালি ও এডেন উপসাগরের নৌপথ সুরক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ সুরক্ষিত রাখার পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা জোরদার করাই এই জোটের মূল লক্ষ্য।সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এই জোট গঠনের কথা জানিয়েছে।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সম্প্রতি সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দেওয়ার পর এই উদ্যোগ নেওয়া হয়। এর আগে হুথিরা লোহিত সাগরে সৌদি তেলবাহী জাহাজ এবং দেশটির তেল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান নৌপথ হিসেবে পরিচিত।
উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি রপ্তানি ব্যাহত হওয়ার পর এই পথ দিয়েই বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আন্তর্জাতিক বাজারে পরিবহন করা হয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, জোটের সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, বাহরাইন, বাংলাদেশ, জিবুতি, মিসর, জর্দান, কুয়েত, নাইজেরিয়া, পাকিস্তান, কাতার, সোমালিয়া, সুদান, তুরস্ক ও ইয়েমেন।
এই জোটের মাধ্যমে নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং সদস্য দেশগুলোর অভিন্ন সামুদ্রিক স্বার্থ রক্ষা করা হবে। জোট গঠন উপলক্ষে রিয়াদে আয়োজিত বৈঠকে ৫১টি দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এতে ৪৩টি দেশের প্রতিনিধি এবং ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদল অংশ নেয়।অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ১৪টি দেশ আনুষ্ঠানিকভাবে জোটে সমর্থন জানিয়েছে। অন্য কয়েকটি দেশও বর্তমানে এই জোটে যোগ দেওয়ার প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
তথ্যসূত্র: গালফনিউজ

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন