আগস্ট ৩, ২০২৬, ০৩:০১ পিএম
যুক্তরাষ্ট্র ও ইসরাইল কেবল একটি নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছে তেহরান। সোমবার তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই মন্তব্য করেন। বর্তমান আঞ্চলিক সংকটের জন্য যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সরাসরি দায়ী করেছেন তিনি।
উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি এবং বিভিন্ন দেশের ঘাঁটি ব্যবহারের ফলে অস্থিতিশীলতা বেড়েই চলেছে বলে জানান তিনি।পরিস্থিতি যাতে আরও অবনতির দিকে না যায়, সে জন্য এই অঞ্চলের দেশগুলোর নিজস্ব উদ্যোগে প্রচেষ্টা চালানো স্বাভাবিক বলে মন্তব্য করেন ইরানি মুখপাত্র। ইয়েমেন সংকট সম্পূর্ণ দেশটির অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, এটি কেবল আলোচনার মাধ্যমেই সমাধান করা উচিত। এই ইস্যুকে ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার সঙ্গে যুক্ত করা মূলত দায়িত্ব এড়ানোর একটি অপচেষ্টা ছাড়া আর কিছু নয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি জানান, এই প্রক্রিয়ায় নতুন কোনো মধ্যস্থতাকারী যুক্ত হয়নি।তবে উত্তেজনা প্রশমনে চীনসহ বেশ কয়েকটি দেশ সহায়তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের মাধ্যমে ইরান-যুক্তরাষ্ট্র বিষয়ে যোগাযোগ এবং প্রয়োজন অনুযায়ী কাতারের সহযোগিতার কথাও তুলে ধরেন তিনি। গত এক সপ্তাহ ধরে ওমানের মধ্যস্থতায় আলোচনা চলছে এবং এতে কিছুমাত্রায় অগ্রগতি হয়েছে বলেও জানান ইসমাইল বাঘাই।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন