আগস্ট ৮, ২০২৬, ০৫:৪৮ পিএম
সংযুক্ত আরব আমিরাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিবস তথা পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারিভাবে ছুটির দিন ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ আগস্ট শুক্রবার এই উপলক্ষে দেশজুড়ে সাধারণ ছুটি পালিত হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এই ছুটির সুবাদে দেশটির সরকারি ও বেসরকারি খাতের কর্মীরা টানা তিন দিনের ছুটির সুযোগ উপভোগ করতে পারবেন।
আমিরাত সরকারের মিডিয়া অফিস থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই ছুটির তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয় যে নির্ধারিত দিনে ফেডারেল সরকার ও বেসরকারি খাতের সকল কর্মীরা সম্পূর্ণ বেতনসহ এই ছুটি ভোগ করবেন। যেহেতু দিনটি শুক্রবার পড়েছে, তাই এর সঙ্গে সাপ্তাহিক ছুটির দিন শনি ও রবিবারের ছুটি যুক্ত হয়ে তিন দিনের একটি ধারাবাহিক বিরতি তৈরি করবে। ফলে সরকারি ও বেসরকারি খাতের সংশ্লিষ্ট কর্মীরা আগামী ৩১ আগস্ট সোমবার পুনরায় নিজ নিজ কর্মস্থলে ফিরে যাবেন।
ইসলামিক ক্যালেন্ডার বা হিজরি বর্ষের রবিউল আউয়াল মাসের বারোতম দিনে বিশ্বজুড়ে এই পবিত্র দিনটি অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হয়। এই উপলক্ষকে কেন্দ্র করে বিভিন্ন দেশ ও অঞ্চলে পবিত্র কোরআন তিলাওয়াত, ধর্মীয় আলোচনা সভা এবং বিশেষ দোয়া মাহফিলের মতো নানা ধরনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচি আয়োজিত হয়ে থাকে।প্রবাসীর ও স্থানীয় কর্মীদের জন্য এই দীর্ঘ সাপ্তাহিক ছুটির ঘোষণা বিশেষ স্বস্তি নিয়ে এসেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন