আগস্ট ১১, ২০২৬, ১১:২৯ পিএম
থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝ আকাশে ভয়াবহ ঝাঁকুনি ও হঠাৎ ৩০০ ফুট নিচে নেমে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনার তদন্তে নতুন তথ্য উঠে এসেছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যানুযায়ী, ফ্লাইটটির পাইলটের দুই দফা ডোপ টেস্টেই মাদকজাতীয় সাইকোঅ্যাকটিভ পদার্থের উপস্থিতি ধরা পড়েছে।
দ্বিতীয় দফার পরীক্ষায় বিশেষভাবে গাঁজা সেবনের বিষয়টি নিশ্চিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।গত চার আগস্ট একশ সাইত্রিশ জন যাত্রী এবং আটজন ক্রু সদস্য নিয়ে ফ্লাইটটি উড্ডয়ন করেছিল।উড্ডয়নের পর মাঝ আকাশে বিমানটি আচমকা নিচে নেমে যাওয়ায় অন্তত কুড়িজন যাত্রী ও চারজন ক্রু সদস্য গুরুতর আহত হন।
ভারতের বেসামরিক বিমান চলাচলমন্ত্রী রাম মোহন নাইডু জানান যে আহতদের মধ্যে দুই ক্রু সদস্যের ঘাড় ও মেরুদণ্ডে আঘাত লেগেছে। দিল্লিতে অবতরণের পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় পাইলটের শরীরে মাদকের উপস্থিতি ধরা পড়ে এবং পরবর্তী পরীক্ষায় তা নিশ্চিত হয়।
ঘটনার সময় পাইলট নিজের আসনে না থেকে সহকারী পাইলটের নিয়ন্ত্রণে বিমানটি পরিচালনার তথ্যও সামনে এসেছে।উভয় পাইলটকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এএআইবি এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন