রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

১৭ বছর পর ভেনেজুয়েলা ও ইসরাইলের মধ্যে কনস্যুলার সেবা চালু

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১২, ২০২৬, ১২:১০ পিএম

১৭ বছর পর ভেনেজুয়েলা ও ইসরাইলের মধ্যে কনস্যুলার সেবা চালু

ছবি : সংগৃহীত

দীর্ঘ সতেরো বছর বন্ধ থাকার পর ভেনেজুয়েলা এবং ইসরাইল একে অপরের দেশে পুনরায় কনস্যুলার সেবা চালু করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে সম্মত হয়েছে। গত মঙ্গলবার দুই দেশের সরকারের পক্ষ থেকে যৌথভাবে এই ঘোষণা দেওয়া হয়। ২০০৯ সালে গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক অভিযানের প্রতিবাদে দেশটির সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল ভেনেজুয়েলা। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন প্রশাসনের পররাষ্ট্রনীতিতে এই সিদ্ধান্তকে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

গত জুনে সংঘটিত প্রাণঘাতী ভূমিকম্পের পর ইসরাইলের মানবিক সহায়তা দলের ভেনেজুয়েলা সফর এবং পরবর্তীতে উভয় দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যকার আলোচনার মাধ্যমেই এই চুক্তি চূড়ান্ত হয়। দুই দেশের সরকারের প্রকাশিত পৃথক বিবৃতিতে ইসরাইল ও ভেনেজুয়েলায় বসবাসরত ইহুদি সম্প্রদায়ের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। 

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে থাকা ভেনেজুয়েলার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ মিত্রতা থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ওয়াশিংটন ও মিত্রদের সঙ্গে সম্পর্কের এই নতুন সমীকরণ তৈরি হলো।