রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভারতে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারপ্রতি ২০ রুপি পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১২, ২০২৬, ০৪:৪৪ পিএম

ভারতে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারপ্রতি ২০ রুপি পরিকল্পনা

ছবি : সংগৃহীত

ভারতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে গোমূত্র সংগ্রহের একটি বিশেষ প্রকল্প চালু করা হয়েছে। উত্তরপ্রদেশের বুলন্দশহর জেলার পনেরোটি গ্রামে কৃষকদের কাছ থেকে এই গোমূত্র সংগ্রহ করা হচ্ছে, যার পেছনে কৃষকদের আয় বৃদ্ধি ও গ্রামীণ নারীদের অর্থনৈতিক সচ্ছলতার লক্ষ্য রয়েছে। ভবিষ্যতে প্রতি লিটার গোমূত্র কুড়ি রুপি দরে ক্রয়ের পরিকল্পনা হাতে নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।বর্তমান পাইলট প্রকল্পের আওতায় প্রতিদিন প্রায় পাঁচশো লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে যে সায়ানা তহসিলের নরসাইনা গ্রামে একটি কৃষক উৎপাদক সংগঠনের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংগ্রহ করা গোমূত্র কৃষিকাজে রাসায়নিক উপকরণের বিকল্প হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে পরবর্তীতে উত্তরপ্রদেশজুড়ে তা আনুষ্ঠানিকভাবে সম্প্রসারণ করা হবে। 

দুধ উৎপাদন বন্ধ হয়ে যাওয়া গবাদি পশুর দেখভালেও এই উদ্যোগ সহায়ক হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।সংগ্রহ প্রক্রিয়ায় যুক্ত গ্রামীণ নারীদের প্রতি লিটারে দুই রুপি করে কমিশন প্রদানের ব্যবস্থা করা হয়েছে।প্রায় তিনশো নারীর অংশগ্রহণে শুরু হওয়া এই উদ্যোগে নারীদের শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত করা হয়েছে, যা তাদের জন্য নতুন আয়ের পথ খুলে দিয়েছে। 

তবে রাজ্য সরকারের এই জনকল্যাণমূলক উদ্যোগকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধী সমাজবাদী পার্টির পক্ষ থেকে এই প্রকল্পকে তহবিল সংগ্রহের নামে একটি কেলেঙ্কারি বলে অভিহিত করা হয়েছে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে এই সমালোচনার জবাবে জানানো হয়েছে যে বিরোধী দল যেকোনো উন্নয়নমূলক পদক্ষেপে কেবল ত্রুটিই খুঁজে বেড়ায়।